শোবিজ অঙ্গনের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে প্রিয় তারকার বিয়ে কবে—এ প্রশ্নে মুখিয়ে থাকেন অনেকেই। সম্প্রতি সহকর্মী রাফসান ও জেফারের বিয়ের অনুষ্ঠানে বেশ উৎফুল্ল মেজাজে দেখা গেছে সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে।
বন্ধুদের বিয়েতে আনন্দে মেতে উঠলেও নিজের বিয়ের প্রসঙ্গে আপাতত নীরব সুনেরাহ। এ বিষয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
কবে বিয়ে করছেন—এমন প্রশ্নের জবাবে হাসিমুখে সুনেরাহ বলেন, “বিয়ের কোনো পরিকল্পনা আমার আপাতত নেই। যা নিয়ে এখনো কোনো ভাবনাই শুরু করিনি, তা নিয়ে বানিয়ে কী বলব?” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এখনই কোনো তাড়াহুড়া নেই অভিনেত্রীর।
সুনেরাহ আরও জানান, বর্তমানে কাজ নিয়েই তাঁর যত ব্যস্ততা। অভিনয় ও ক্যারিয়ারকে সামনে রেখে এগোতেই বেশি মনোযোগী তিনি। তাই বিয়ের পরিকল্পনা আপাতত সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ঘনিষ্ঠরা।
অভিনয়ে নিয়মিত উপস্থিতি ও পরিণত চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছেন সুনেরাহ বিনতে কামাল। ভক্তদের কৌতূহল থাকলেও, নিজের জীবনের সিদ্ধান্ত নিজের মতো করেই নিতে চান—এমন বার্তাই যেন স্পষ্ট করে দিলেন এই অভিনেত্রী।

0 Comments